কুমিল্লায় দর্জির গলাকাটা লাশ উদ্ধার
কুমিল্লায় দর্জি মোবারক হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোবারক হোসেন শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাজমুল হক। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি এবং একটি বিষের বোতল। পুলিশ জানায়, ফকির সাহেবের বাড়ির কাছে মোবারক হোসেনের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় বরুড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, নিহত মোবারক হোসেন পেশায় একজন দর্জি ছিলেন। সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহের পাশাপাশি তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। নিহত মোবারক হোসেন দুই সন্তানের জনক। তাঁর বড় ছেলে শহিদ দেশেই থাকেন এবং ছোট ছেলে তাফাজ্জল প্রবাসে কর্মরত আছেন।
এছাড়া মৃত মোবারক হোসেনের দুই ভাই রয়েছে; তাঁর ছোট ভাই মফিজ উদ্দিন সৌদি প্রবাসী। ছোট ভাইয়ের পরিবার ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন এবং তাঁর কন্যা পেশায় একজন চিকিৎসক (ডাক্তার)।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাজমুল হক জানান- নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
