এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশিত হবে। শনিবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল-সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। পরে ওই বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
কমিটি জানায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ও সময় উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই।
পরীক্ষা ও ফলাফল-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি এবং নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানায় কমিটি। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
