মূল লেখায় যান
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে বিজিবির অভিযান: ভিডিও ধারণে বাধা ও যাত্রীকে হুমকির অভিযোগ এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে বিজিবির অভিযান: ভিডিও ধারণে বাধা ও যাত্রীকে হুমকির অভিযোগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার এইমাত্রঅন্যান্য এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার '৪০ দিনে মার্কিন রণতরীর দিকে ২০টিরও বেশি হামলা চালায় ইরান' এইমাত্রঅন্যান্য '৪০ দিনে মার্কিন রণতরীর দিকে ২০টিরও বেশি হামলা চালায় ইরান' ক্ষমতা ছাড়লেও রেহাই নেই নেতানিয়াহুর, বহাল থাকবে গ্রেপ্তারি পরোয়ানা এইমাত্রঅন্যান্য ক্ষমতা ছাড়লেও রেহাই নেই নেতানিয়াহুর, বহাল থাকবে গ্রেপ্তারি পরোয়ানা স্ত্রী চলে গেছে অন্য যুবকের সঙ্গে, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী এইমাত্রঅন্যান্য স্ত্রী চলে গেছে অন্য যুবকের সঙ্গে, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান, পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান, পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা পঞ্চগড়ে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগ, পুনর্গণনার দাবি এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগ, পুনর্গণনার দাবি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন বিধিমালা, প্রজ্ঞাপন জারি এইমাত্রঅন্যান্য ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন বিধিমালা, প্রজ্ঞাপন জারি
অন্যান্য

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআই ও বিএনপি নেতাসহ নিহত ২

প্রতিবেদক:
কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআই ও বিএনপি নেতাসহ নিহত ২

গাজীপুরের কালীগঞ্জে ডিউটিরত অবস্থায় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহতের ঘটনায় মূল ঘাতক গাড়িটি জব্দ ও এর হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকার শ্রমিক কলেজের সামনে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার পরদিন মামলা দায়ের করা হয় এবং সর্বশেষ ২৮ অক্টোবর নরসিংদী থেকে পিকআপটি উদ্ধারসহ হেলপারকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শুক্রবার ২৩ অক্টোবর গাজীপুর কালীগঞ্জের রাত্রীকালীন রণপাহারা ডিউটি পালনরত পুলিশ সদস্যরা সন্দেহভাজন তিনজন আসামিকে আটক করে থানায় ফিরছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকার শ্রমিক কলেজের সামনে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা (৪৫) পুলিশের গাড়িটি রাস্তার পাশে থামিয়ে ডিউটিরত পুলিশ সদস্যদের সাথে কথা বলতে শুরু করেন। কথোপকথনের একপর্যায়ে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুত ও বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ টিম এবং ওই বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়।

এই আকস্মিক ধাক্কায় ঘটনাস্থলেই পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় পিকআপটিকে আটকানোর জন্য অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে ঘাতক গাড়িটি তাদেরকেও ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরবর্তীতে এই ঘটনায় কালীগঞ্জ থানায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। তার প্রেক্ষিতে থানায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় একটি মামলা রুজু করা হয়, যার মামলা নম্বর-২৬।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় ক্লু উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। এর ধারাবাহিকতায় কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গত ২৮ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সিসিটিভি ফুটেজ সংগ্রহপূর্বক তা গভীরভাবে পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এরপর নরসিংদী জেলার পলাশ থানাধীন ডাঙ্গা এলাকার কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে অভিযুক্ত পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ। একই অভিযানে অভিযুক্ত পিকআপ ভ্যানের হেলপার মো. রাজু শেখকে (২৯) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু শেখ গোপালগঞ্জের কাশিয়ানীর দক্ষিণ ফুকরা (শেখ বাড়ী) এলাকার মো. লুৎফার রহমান ও সালমা বেগম দম্পতির ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হেলপার রাজু শেখ স্বীকার করেন যে, দুর্ঘটনার সময় ওই পিকআপ ট্রাকটি চালাচ্ছিলেন চালক মো. মাজহারুল ইসলাম। পুলিশ জানিয়েছে, পলাতক মূল চালক মাজহারুল ইসলামকে গ্রেফতারে তাদের জোরদার অভিযান ও আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, “গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জের তুমলিয়া এলাকায় রণপাহারা ডিউটি শেষে আসামিদের নিয়ে ফেরার পথে বেপরোয়া পিকআপের ধাক্কায় আমাদের একজন এসআই ও এক স্থানীয় বিএনপি নেতা মর্মান্তিকভাবে নিহত হন।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকেই পুলিশ ছায়াতদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নরসিংদী থেকে ঘাতক পিকআপটি জব্দ এবং এর হেলপার রাজু শেখকে গ্রেফতার করা হয়েছে। হেলপারকে জিজ্ঞাসাবাদে মূল চালকের নাম পাওয়া গেছে। পলাতক ঘাতক চালক মো. মাজহারুল ইসলামকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো পুলিশ বিভাগ ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।