আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই: মাইকেল মিলার
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে তিনি বলেছেন, বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তিনি যা বলছেন, তা তাঁর ব্যক্তিগত পর্যবেক্ষণ।
রাষ্ট্রদূত বলেন, ইইউ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে। একই সঙ্গে সংঘাত পরিহার করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।
মাইকেল মিলার বলেন, বিগত শাসনামলে বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছিল। এখন প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি এবং সংঘাত নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া সমানুপাতিক হয়েছে।
গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা থাকা প্রয়োজন উল্লেখ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, তবে কোনো সংগঠন বা ব্যক্তি বেআইনি কর্মকাণ্ডে জড়ালে, জনশৃঙ্খলা বিনষ্ট করলে কিংবা সংঘাত ও ঘৃণা উসকে দিলে তা গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতা সংঘাতের লাইসেন্স হতে পারে না।
বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরকে জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে মাইকেল মিলার বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। ইউরোপের ইতিহাসেও রাজনৈতিক রূপান্তরের কঠিন অভিজ্ঞতা রয়েছে। গণতন্ত্র শুধু নির্বাচন বা পার্লামেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থাও এর গুরুত্বপূর্ণ অংশ। এ জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে দৃঢ়তা দেখাতে হবে।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও আস্থা প্রকাশ করেন তিনি। পাশাপাশি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচন-পরবর্তী সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে বৃহত্তর জাতীয় ঐকমত্যের ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ-ইইউ সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, আগামী বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রাসেলস সফরের কথা রয়েছে। বাংলাদেশকে চলতি বছরের ডিসেম্বরেই মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইইউ। এ ছাড়া আগামী বছরের এপ্রিলে ‘ইইউ-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
