ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলী
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনার এই পরিকল্পনার কথা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। এরপর থেকেই আলোচনায় উঠে এসেছেন তিনি। কে এই সৈয়দ মোজাম্মেল আলী, কী তাঁর পরিচয়, পেশা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা?
সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখি এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা-পর্যালোচনায় যুক্ত রয়েছেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়।
যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, মোজাম্মেল আলীর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে। তিনি ব্রিটিশ নাগরিক এবং দেশটির সারে অঞ্চলে বসবাস করেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক পরিসরে সক্রিয় তিনি।
মোজাম্মেল আলী লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনামূলক প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির উদ্যোগে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিবন্ধ ও মতামত প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড তুলে ধরা এবং দলটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তাঁকে সক্রিয় দেখা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়ে আলোচনায় আসেন মোজাম্মেল আলী। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান এই মুখপাত্র। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।
মোজাম্মেল আলী আরও বলেন, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এদিকে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে তাঁর দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক আলোচনার পাশাপাশি আইনি দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
