রমজানের আগে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক ছাড়
রমজান মাসে খেজুরের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখা এবং কমলা ও আপেল আমদানি সহজ করতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে খেজুর আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য কমলা ও আপেল আমদানিতেও বিভিন্ন শুল্ক-কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, খেজুর আমদানিতে মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত অংশের শুল্ক থেকে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত অব্যাহতি দেওয়া হবে।
অন্যদিকে, কমলা ও আপেল আমদানিতে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য শুল্ক-কর ছাড় কার্যকর থাকবে। এ সময়ে পণ্য দুটির ওপর আরোপণীয় নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের অতিরিক্ত অংশ, ২০ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে খেজুরের চার ধরনের পণ্যকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আড়াই কেজি পর্যন্ত মোড়কজাত বা ক্যানজাত তাজা ও শুকনা খেজুর এবং অন্যান্য তাজা ও শুকনা খেজুর।
এ ছাড়া নির্দিষ্ট এইচএস কোডের আওতায় কমলা ও আপেল আমদানির ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শ করে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
২৩ নভেম্বর জারি করা এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে।
