মসজিদের ভিতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের মিটিং, প্রার্থী ঘোষণা
রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় মিটিং করার অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর মসজিদের ভেতরে আয়োজিত ওই সভায় মনোহর বাদশাকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সভায় উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে সভা করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করার সমালোচনা করেন। কেউ কেউ এটিকে মসজিদের পবিত্রতা ও মর্যাদার পরিপন্থী বলেও মন্তব্য করেন।
মিঠাপুকুরের হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, রাজনৈতিক সভায় সাধারণত প্রতিপক্ষের সমালোচনা হয়ে থাকে, যা ইসলামী দৃষ্টিতে গিবতের পর্যায়ে পড়তে পারে। এছাড়া মসজিদের পরিবেশ ও সৌন্দর্যের ব্যাঘাত ঘটিয়ে দলীয় সভা আয়োজন করা হলে তা মসজিদের আদবের পরিপন্থী হিসেবে বিবেচিত হতে পারে।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বলেন, আমরা মসজিদভিত্তিক প্রোগ্রামগুলো করি, তবে এভাবে প্রোগ্রাম করি না। মসজিদটা গ্রামের মধ্যে একদম বাড়ির সঙ্গে। সেসময় কোনো লোকজন ছিল না। এ জন্য ব্যবহার করেছি। ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে সংসদ। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তা আমিও দেখেছি। সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ এটাকে ভালোভাবে নেয় না। সামনের দিকে আমরা বিষয়টা খেয়াল রাখব।
