ইরানের কিছু সামরিক সক্ষমতা এখনো রয়েছে, তবে তা সীমিত: ট্রাম্প
ইরানের এখনও কিছু সামরিক সক্ষমতা অবশিষ্ট রয়েছে, তবে তা খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৬ জুন) ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমাদের সংঘাত এখনো পুরোপুরি শেষ হয়নি। তাদের কিছু সক্ষমতা রয়েছে, তবে তা খুবই সীমিত। তারা কোনো বড় ধরনের সাফল্য অর্জন করতে পারছে না। তবুও তারা এখনো হামলা চালানোর সক্ষমতা রাখে।”
তিনি আরও বলেন, “হরমুজ প্রণালিতে একটি বড় বাণিজ্যিক জাহাজে ইতোমধ্যে হামলা চালানো হয়েছে। সেখানে চারটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে তিনটি আমরা ভূপাতিত করেছি। তবে একটি ড্রোন জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি করেছে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটে। ট্রাম্প তার বক্তব্যে ওই হামলার বিষয়টিই উল্লেখ করেন।
এ হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
