নবায়ন করতে হবে মেয়াদ উত্তীর্ণ এনআইডি কার্ড
যেসব নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্ডের মেয়াদ ১৫ বছর অতিবাহিত হয়েছে তাদের এনআইডি কার্ড নবায়ন করার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৭ জুন) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন অনুযায়ী ১৫ বছর অতিবাহিত হলে সেসব কার্ড নবায়ন করতে হয়। এ বিষয়টি আইনে থাকলেও তা এতোদিন করা হয়নি। এজন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ১৫ বছর অতিবাহিত হয়েছে সেসব কার্ড নবায়ন করার।
জুন মাসের মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে নির্দেশনা দিয়ে ইসির সিনিয়র সচিব আখতার জানান,জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ধারা (৭) অনুযায়ী কোন নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১৫ বছর অতিক্রান্ত হলে এটি নবায়নের বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করে কার্যপত্রসহ কমিশন সভায় উপস্থাপন করতে হবে।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০ এর ধারা ৭(১) এ বলা হয়েছে, এই আইনের অধীন কোনো নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে, তা প্রদানের তারিখ থেকে ১৫ বছর। আইনের ২ ধারাতে বলা হয়েছে-জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বা পরে নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের কাছে আবেদন করতে হবে। এদিকে জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ বিধিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র নবায়নের জন্য প্রত্যেক নাগরিক বা, ক্ষেত্রমত, তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
