কমলো জেট ফুয়েলের দাম, আজ থেকেই কার্যকর
দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
মঙ্গলবার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে লিটারপ্রতি দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০.৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৭ জুন অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১.০৮২৩ ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়।
নতুন এ মূল্যহার দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত জেট ফুয়েলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আওতায় রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর, যশোর বিমানবন্দরসহ দেশের অন্যান্য চালু ও ভবিষ্যতে চালু হওয়া বিমানবন্দর।
