চীনের জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এবং বিবিসি জানিয়েছে, জিনজিয়াংয়ের হুইতেং ফুটওয়্যার (Huiteng Footwear) কারখানায় দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয় এবং অন্তত ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আহতের সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।
শিনহুয়ার প্রকাশিত ভিডিওতে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে এবং ভবনের ছাদে আটকে পড়া কয়েকজনকে দেখা গেছে।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গভীর শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
উল্লেখ্য, ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়। বিশ্বের মোট স্পোর্টস জুতার প্রায় ২০ শতাংশ এই শহরে উৎপাদিত হয়।
সূত্র: বিবিসি, শিনহুয়া।
