মানসিক চাপ ও ওভারথিংকিং মোকাবিলায় ড. মেছবাহ উদ্দিনের নতুন বই
মানসিক সুস্থতা, আত্মউন্নয়ন ও ইতিবাচক জীবনচর্চাকে সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’।
ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজিত এ অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. মেছবাহ উদ্দিনের নতুন বই ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’-এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন। এছাড়া বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, লেখক, মাস্টার কোচ ও অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে মানুষের মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আত্মহত্যা, মাদকাসক্তি ও নারী নির্যাতনের মতো সামাজিক সমস্যা মোকাবিলায় ব্যক্তি ও পরিবার পর্যায়ে ইতিবাচক মানসিক পরিবর্তনের বিকল্প নেই। তিনি বলেন, সরকার একা সমাজ পরিবর্তন করতে পারবে না; প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তনের অংশীদার হতে হবে। ড. মেছবাহ উদ্দিনের নতুন বইয়ের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘চিন্তা আমার শত্রু নয়’—এই ভাবনাটি মানুষের চিন্তার জগতে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। তাঁর মতে, দুশ্চিন্তাকে ভয় না পেয়ে সেটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে শেখাই প্রকৃত মানসিক শক্তির পরিচয়। এমন বই পাঠকের ব্যক্তিগত বিকাশের পাশাপাশি সমাজ পরিবর্তনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেদওয়ান হোসেন বলেন, বাংলাদেশে মানসিক সুস্থতা নিয়ে এখনও প্রত্যাশিত গুরুত্ব দেওয়া হয় না। অথচ মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগেই স্ট্রেস ও মানসিক চাপ মোকাবিলার দক্ষতা গড়ে তোলা প্রয়োজন। তিনি ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, ব্যক্তির মানসিক সুস্থতা শুধু ব্যক্তিজীবনেই নয়, পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার কোচদের সমাজে ওয়েলনেসের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক ও ‘দ্য মাইন্ড মেন্টর’ ড. মেছবাহ উদ্দিনের নতুন বই ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’-এর প্রকাশনা। বইটিতে আধুনিক জীবনের অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ ও ‘মেন্টাল নয়েজ’ মোকাবিলায় বাস্তবধর্মী ধারণা ও কার্যকর কৌশল তুলে ধরা হয়েছে।
ড. মেছবাহ উদ্দিন বলেন, বর্তমান সময়ে তথ্যের অভাবের চেয়ে মানুষের বড় সংকট হলো মেন্টাল ওভারলোড। তাই চিন্তার সঙ্গে যুদ্ধ না করে, সেটিকে ইতিবাচকভাবে পরিচালনা করতে শেখাই এই বইয়ের মূল বার্তা। তিনি বলেন, মানুষের শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক, পেশাগত ও অর্থনৈতিক—সব ধরনের ওয়েলবিইংকে সমন্বিতভাবে দেখার লক্ষ্য নিয়েই ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করছে।
অনুষ্ঠানে মাস্টার কোচ অ্যাক্সেলারেটর (এমসিএ) প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকারীদের সনদ ও স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি ড. মেছবাহ উদ্দিনের মেন্টরশিপে গড়ে ওঠা ছয়জন নতুন লেখকের ছয়টি বইয়েরও প্রকাশনা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনে ব্যক্তিগত বিকাশ, মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস তৈরির ওপর বিভিন্ন ট্রান্সফরমেশনাল ও অভিজ্ঞতাভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মতে, তরুণ প্রজন্মসহ সমাজের সব স্তরের মানুষের মধ্যে সামগ্রিক সুস্থতা ও ইতিবাচক জীবনচর্চার সংস্কৃতি গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
