ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নে ইয়াবা বিক্রির সময় এক যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাতে উপজেলার গনাইরকুটি গ্রামের মানিক উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) ওরফে (মিস্টার) ইয়াবা বিক্রির সময় স্থানীয়দের হাতে আটক হন। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জাহিদুল ইসলাম মাদক বিক্রির বিষয়টি স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও নির্ধারিত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সচেতন জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমে আসবে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান , মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
