মিসর ফুটবল দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি
যুক্তরাষ্ট্রের ডালাসে মিসর জাতীয় ফুটবল দলের হোটেলের বাইরে নিরাপত্তা ব্যবস্থা ঘিরে মার্কিন পুলিশের সঙ্গে দলের কয়েকজন স্টাফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দলের পরিচালক ইব্রাহিম হাসান এবং ডালাস পুলিশের এক সদস্যের মধ্যে বাকবিতণ্ডা একপর্যায়ে ধস্তাধস্তির পরিস্থিতিতে রূপ নেয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডালাসে দলের ক্যাম্পের বাইরে এ ঘটনা ঘটে। হোটেলের সামনে বিপুলসংখ্যক সমর্থক, বিশেষ করে শিশু ভক্তরা খেলোয়াড়দের অটোগ্রাফ ও ছবি নেওয়ার জন্য ভিড় করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও প্রকাশিত ভিডিও অনুযায়ী, নিরাপত্তাকর্মীরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা শুরু হয়। এ সময় কোচিং স্টাফ ও নিরাপত্তাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে। একপর্যায়ে দলের পরিচালক ইব্রাহিম হাসান এবং এক নিরাপত্তা কর্মকর্তার মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ভিডিওতে দেখা যায়, এক নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিম হাসানের দিকে এগিয়ে গিয়ে তাকে ধাক্কা দেন। এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও মিসর দলের খেলোয়াড় ও স্টাফরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় আধা মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয় জানিয়েছে, ঘটনার সময় নিরাপত্তা কর্মকর্তা বারবার “পিছিয়ে যাও” বলে সবাইকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো গুরুতর আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
মিসর দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ইজিপশিয়ান ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছে, সমর্থকদের ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়। হোটেলের বাইরে খেলোয়াড়দের একনজর দেখতে ভক্তদের ভিড় বাড়লে নিরাপত্তাকর্মীরা কঠোর অবস্থান নেন, যা থেকে উত্তেজনার সূত্রপাত হয়।
তবে দলীয় সূত্র জানিয়েছে, এই ঘটনা দলের প্রস্তুতিতে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না। মিসর এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচকে সামনে রেখে অনুশীলনে মনোযোগ দিচ্ছে।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিসর। এক জয় ও দুই ড্র নিয়ে তারা পরবর্তী ধাপে উঠেছে। দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। গ্রুপ পর্বে তিনি একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। তবে শেষ ম্যাচে পাওয়া চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
উল্লেখ্য, মিসর এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নিলেও প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এবারের আসরে নকআউট পর্বে ভালো ফল করে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে দলটি।
