ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এ নোটিশ পাঠান। নোটিশে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ এনে দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, এই অর্থ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে জমা দিতে হবে।
ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি নোটিশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও পাঠানো হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, ব্যারিস্টার ফুয়াদ গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের জাতীয় ক্ষতির জন্য দায়ী করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে বিদ্বেষপূর্ণ, সাম্প্রদায়িক ও বিভাজনমূলক মন্তব্য করেছেন। এছাড়া তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগও করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশদাতার দাবি, এসব বক্তব্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, খ্যাতি ও সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে এতে বিশ্ববিদ্যালয়ের লাখো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে মানসিক কষ্ট ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
