এনআইডি’র হারানো কপি পেতে লাগবে ১ হাজার
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) হারানো কপি জরুরি ভিত্তিতে তুলতে এখন সর্বোচ্চ ১ হাজার টাকা ফি দিতে হবে। নির্বাচন কমিশন (ইসি) এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি নতুন করে নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসির উপসচিব মো.শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনে প্রথমবার ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তী আবেদনে ৪৬০ টাকা লাগবে। তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং পরবর্তী আবেদনে ৩৪৫ টাকা দিতে হবে।
হারানো এনআইডি কার্ড সাধারণভাবে উত্তোলনে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী আবেদনে ৫০০ টাকা লাগবে। জরুরিভাবে উত্তোলনে প্রথমবার ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী আবেদনে ১ হাজার টাকা দিতে হবে। এসব ফি-এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
রাজনৈতিক দল নিবন্ধনের ফি ৫ হাজার টাকা। নির্বাচনী দলিল-দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহ এবং ভোটার তালিকার সার্টিফাইড কপির জন্য ১০০ টাকা, ভোটার তালিকা দেখতে ৫০ টাকা এবং ছবি ছাড়া ভোটার তালিকার সিডির জন্য প্রতিটি ইউনিয়ন, সিটি বা পৌর ওয়ার্ডে ৫০০ টাকা দিতে হবে।
এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা। সরকারি প্রতিষ্ঠানের বার্ষিক সাব-ইউজার বা নবায়ন ফি ১ লাখ টাকা। বেসরকারি প্রতিষ্ঠানের প্রথম ৭০টি সাব-ইউজারের জন্য প্রতিটিতে ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটিতে ২ হাজার টাকা দিতে হবে। তথ্য যাচাইয়ে সরকারি প্রতিষ্ঠানের ফি ২ টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানের ৫ টাকা।
