লংগদু জোনের তৎপরতায় বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা, কোটি টাকার ক্ষতি
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় সেনা জোনের দ্রুত ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে পুরো একটি গ্রাম।
সোমবার (৩ আগস্ট) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গাঁথাছড়া এলাকার একটি কাঠমিস্ত্রির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর এবং তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পাওয়া মাত্রই লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নেতৃত্বে সেনাবাহিনীর ৩টি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লংগদু জোন প্রথম সাড়া দিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আগুনে আনুমানিক ১ থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি জানান, অগ্নিদুর্ঘটনার সময় যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে লংগদু জোনের একটি বিশেষ মেডিকেল দল চিকিৎসা সুবিধাসহ প্রস্তুত ছিল। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে লংগদু জোনের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তা করা হবে। তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।
