যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি
ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকা এবং দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল আইসিসির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে রেড্ডিকে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগগুলো ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে আনা হয়েছিল। খবর রয়টার্স।
আইসিসি জানায়, তদন্ত চলাকালে গত বছরের নভেম্বরে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়ের পর সেই নিষেধাজ্ঞা আট বছরের শাস্তিতে পরিণত হয়েছে। শাস্তির মেয়াদ ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর হিসেবে গণ্য হবে, যেদিন তাকে প্রথমবার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, আবুধাবি টি-টেন লিগের জন্য সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসিকে দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ডিএসিও) হিসেবে দায়িত্ব দিয়েছিল। সেই তদন্তের ভিত্তিতেই রেড্ডির বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, রেড্ডি টুর্নামেন্টের এক বা একাধিক ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা কিংবা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এছাড়া তিনি অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেন।
এ ছাড়া তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে তদন্তসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।
এই তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
