মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ৭:১১ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

প্রতিবেদক:
ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ভেঙে না পড়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত পরিচয় বা সাফল্যের মাপকাঠি নয়। অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ফলাফল আশানুরূপ না হওয়া অবশ্যই কষ্ট ও হতাশার। তবে পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই জীবনের গল্প থেমে যাওয়া নয়। একটি পরীক্ষার ফল কখনোই একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় নির্ধারণ করতে পারে না। এটি কেবল কয়েক ঘণ্টার পরীক্ষার ফলাফল। মানুষের পরিশ্রম, স্বপ্ন ও সম্ভাবনাকে কোনো নির্দিষ্ট নম্বর দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ফেল করার পর সামাজিক চাপ ও সহপাঠীদের নানা ধরনের আচরণ সামলানো অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। তবে এই পরিস্থিতি সাময়িক। ভবিষ্যতে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করতে পারলে আজকের কষ্টের দিনগুলোই একসময় অনুপ্রেরণার কারণ হয়ে উঠবে। হতাশা কাটিয়ে তরুণদের ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের প্রতিও বিশেষ আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর একজন শিক্ষার্থী সবচেয়ে বেশি ভয় পায় পরিবারের সদস্যদের মুখোমুখি হতে। তাই এমন সময়ে সন্তানকে বকাঝকা বা ভর্ৎসনা না করে ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে পাশে দাঁড়াতে হবে। ঘরকে যেন সন্তানের জন্য কোনো বিচারালয়ে পরিণত করা না হয়, বরং নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তোলা হয়—এমন আহ্বান জানান তিনি।

শিক্ষকদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কোনো শিক্ষার্থী কেন পিছিয়ে পড়েছে, তার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। একজন শিক্ষার্থীর ব্যর্থতার দায় শুধু তার ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়; এর সঙ্গে শিক্ষক, পরিবার ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থারও দায়িত্ব রয়েছে।

বার্তায় শিক্ষামন্ত্রী পুনর্ব্যক্ত করেন, অকৃতকার্য শিক্ষার্থীদের একাডেমিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে।