ক্রিকেটে আরাফাত রহমান কোকোর দূরদর্শী অবদান: ফকির মাহবুব আনাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কোকোর দেখানো পথ অনুসরণ করে দেশের তরুণদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
শনিবার ২২ আগস্ট ২০২৬, জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ’ আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ ও দূরদর্শী অবদান রয়েছে। কোকোর স্মৃতি ধরে রাখতে তাঁর ক্রীড়া ভাবনা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ক্রীড়া ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ, ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সভায় সংগঠনের নেতারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কোকোর স্মৃতিকে জীবন্ত রাখতে সংগঠনের যেকোনো ভালো উদ্যোগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘কোকোর স্মৃতি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘ক্রীড়ার মাধ্যমে তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ ও জাতির জন্য ইতিবাচক শক্তিতে পরিণত করা সম্ভব।’ মন্ত্রী আরও বলেন, ‘একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর। তাই তরুণদের প্রযুক্তি, বিজ্ঞান ও শিক্ষার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এর মধ্য দিয়েই আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে উঠবে।’
মন্ত্রী প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘তাঁর জীবন ও ক্রীড়াক্ষেত্রে অবদান থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। কোকোর স্মৃতি ও অবদানকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন এবং তার আদর্শ বাস্তবায়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাশেদ বলেন, আরাফাত রহমান কোকো বিশ্বাস করতেন, একটি সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে অবক্ষয় থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনাই ছিল তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। আজ আমরা তাঁর সেই অসমাপ্ত স্বপ্নকে ধারণ করেই এগিয়ে যেতে চাই।
সভাপতির বক্তব্য দীর্ঘ করার নিয়ম নেই। ইতোমধ্যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মরহুম আরাফাত রহমান কোকোর বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অসামান্য অবদান নিয়ে অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন। মাননীয় প্রধান অতিথি মহোদয় যে মূল্যবান দিকনির্দেশনা আমাদের দিয়েছেন, তা এই পরিষদের ভবিষ্যৎ পথচলায় পাথেয় হয়ে থাকবে।
