বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের যাত্রা শুরু
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বরগুনার আমতলীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন বিডি কেয়ার ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
ফাউন্ডেশনের সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির, সদস্য সচিব মো. জালাল খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার, বন কর্মকর্তা মো. মনিরুল হক ও গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. সাইদুর রহমান।প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম নাসির মাহমুদ। এছাড়া সংগঠনের সদস্য এইচ এম রাসেল, গাজী নাসির, ইঞ্জিনিয়ার সোহেলসহ গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু চারা রোপণ নয়, এর পরিচর্যাও জরুরি।
ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, “সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানবকল্যাণ ও পরিবেশ রক্ষার মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়া সমাজের জন্য ইতিবাচক বার্তা।”
পরে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
