এমপির প্রেমে মজেছেন ক্রিকেটার, এবার বিয়ের অপেক্ষা
দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজ। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর ভারতের লখনউয়ের একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটার।
গত বছরের ৮ জুন রিংকু সিং ও প্রিয়া সরোজের বাগদান সম্পন্ন হয়। এর আগে গত বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিংকু।
সাক্ষাৎকারে রিংকু জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়ার ছবি দেখে তার সঙ্গে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিংকুর ভাষ্য, করোনাকালে মুম্বাইয়ে আইপিএল চলার সময় একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি প্রথম দেখেন তিনি। তখনই তাকে পছন্দ হয়ে যায়। তবে নিজে থেকে বার্তা পাঠাতে কিছুটা দ্বিধায় ছিলেন। পরে প্রিয়া তার কয়েকটি ছবিতে ‘লাইক’ দেওয়ার পর রিংকু তাকে বার্তা পাঠান।
রিংকু বলেন, এরপর তাদের নিয়মিত কথা হতো, এমনকি ম্যাচের আগেও তারা কথা বলতেন। ২০২২ সাল থেকে প্রিয়ার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করেন বলেও জানান তিনি।
প্রিয়া সরোজ ১৯৯৮ সালের ২৩ নভেম্বর উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তফসিলি জাতির জন্য সংরক্ষিত উত্তর প্রদেশের মছলিশহর লোকসভা আসন থেকে ২০২৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে, রিংকু সিংয়ের জন্ম ১৯৯৭ সালের ১২ অক্টোবর উত্তর প্রদেশের আলীগড়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় দলে জায়গা করে নেন তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত ৪৮টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। ভারতের হয়ে বিভিন্ন ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এশিয়া কাপেও দলের সাফল্যে ভূমিকা রেখেছেন রিংকু।
