ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার আলেপ্পো, আহত অনেকে
সিরিয়ার উত্তরাঞ্চলের একটি অস্ত্রাগারে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর আল জাজিরার।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ইছ শহরের সংলগ্ন একটি সিরীয় সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আলেপ্পোর সিভিল ডিফেন্স অপারেশনের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছেন।
আলেপ্পো থেকে আল জাজিরার প্রতিনিধি ওবায়দা হিতো জানান, প্রাথমিক বিস্ফোরণের পর পর পর আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। তার ভাষায় ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িকে ওই ঘাঁটির দিকে যেতে দেখেছি।
আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব বাসিন্দাদের সাময়িকভাবে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, ‘হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’
আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, ‘সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করত’ বিস্ফোরণস্থলের দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
গত শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন নিহত হন। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি অস্ত্রাগারে বিস্ফোরণে ১৪ জন নিহত এবং ১১ জন আহত হন।
এর মাত্র এক সপ্তাহ আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হলে পাঁচজন নিহত হন।
