‘ঘূর্ণিঝড় অর্ণব’ আঘাত হানতে পারে কবে-কোথায়, জানাল আইএমডি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।
আইএমডির সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় গভীর নিম্নচাপের সম্ভাব্য এই সিস্টেমটি পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি ওডিশার গোপালপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপট্টনম থেকে ২০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, পুরী থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে এবং বিশাখাপত্তনম থেকে ২৯০ কিলোমিটার পূর্বে ছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১২ ঘণ্টায় সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আভাস রয়েছে। এরপর এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে এর প্রভাবে ওডিশা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। অতিবৃষ্টির আশঙ্কায় ওডিশার কয়েকটি জেলায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে এখন পর্যন্ত আইএমডি সিস্টেমটিকে ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা করেনি। উত্তর ভারত মহাসাগরে পরবর্তী কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটির নাম হবে ‘অর্ণব’। নামটি বাংলাদেশের দেয়া। অর্থাৎ, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখনই ‘ঘূর্ণিঝড় অর্ণব’ নামটি ব্যবহার করা হবে।
