২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার কিছু পয়েন্টে তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া সংস্থাগুলোর বরাতে পূর্বাভাসে বলা হয়, ভারতের দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এই অবস্থায় আগামী একদিন দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী এবং পরবর্তী ২ দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল এই সময়ে স্থিতিশীল থাকলেও আগামী ২ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া তৃতীয় দিন নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল হ্রাস পেয়েছে। পাশাপাশি যমুনা নদীর পানি সমতল এই সময়ে স্থিতিশীল ছিল। আগামী ৫ দিন এসব নদ-নদীর পানি হ্রাস পেতে পারে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং পরবর্তী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া পদ্মা নদীর পানি সমতল আগামী ২ দিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিনও এসব নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
