ঘুষকাণ্ডে ভাইরাল সেই এএসআই ক্লোজড
প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে উপজেলার রানীগাঁও বাজারে এক ব্যবসায়ীর করা মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে তাকে প্রকাশ্যে ঘুষ নেওয়া নিয়ে মন্তব্য করতে শোনা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইলিয়াস হোসাইনকে ঘুষ নেওয়াকে স্বাভাবিক ও যৌক্তিক হিসেবে উপস্থাপন করে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। এ সময় উপস্থিত এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন।
পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভিডিওটির বিষয়ে জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপরই ওই এএসআইকে রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।
