পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরণপুরে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে তমিজ জনকল্যাণ পাঠাগার। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলে উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ আয়োজিত অনুষ্ঠানে হিরণপুর উচ্চ বিদ্যালয়, তেনুয়া ভূগী জাওয়ানী উচ্চ বিদ্যালয় ও বাইজা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
তমিজ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরণপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রোকনুজ্জামান, হাসেন আলী, হিরণপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আনোয়ারুল ইসলাম রাসেল, পাঠাগার আন্দোলন ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, শাহবাজপুর বাজারের পল্লী চিকিৎসক ডা. শ্রী বিজয় দেবনাথ, পাঠাগারের সদস্য মো. আবদুর রহিম সরকার, সাধারণ সম্পাদক মো. আতাউজ্জামান রিপন, কোষাধ্যক্ষ মো. রিয়াদুল ইসলাম সজিব, সদস্য মো. রাজিব সরকার, মো. মিজান এবং পাঠাগারের পরিচালক মো. রিয়াদুল ইসলাম সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দিয়ে এ ধরনের সংবর্ধনা আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও মনোযোগী ও উৎসাহিত হবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করা হয়। এ সময় তমিজ জনকল্যাণ পাঠাগারের পক্ষ থেকে শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
