রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ
রাজধানীর রমনায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে পুরোনো রমনা থানা এলাকায় রমনা জোনের সহকারী পুলিশ কমিশনারের (এসি) কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা ওই এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরণে কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
