নাটোরের গুরুদাসপুরে শপিংমলে হামলা ও লুটপাট
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পর এক প্রবাসীর মালিকানাধীন শপিংমলে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাঁচকৈড় বাজারের ‘রাশ মেগা মল’-এ এ ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলের জানাজা শেষে ২০০ থেকে ২৫০ জনের একটি বিক্ষোভ মিছিল শপিংমলটিতে গিয়ে হামলা চালায়। এ সময় দোকানের শাটার ভেঙে পোশাক, প্রসাধনী ও জুতা-স্যান্ডেলসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই ভাঙচুর ও লুটপাট। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নূরুজ্জামান মিন্টুর সঙ্গে শপিংমলের মালিকের ঘনিষ্ঠতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, শাকিল হত্যা মামলায় নূরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এদিকে, শপিংমলের মালিক রাসেল হোসাইন ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
