রাজধানী থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির।
তিনি জানান, উত্তরার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়।
গ্রুপটিতে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপটির সদস্যরা। জ্যোতিকা জ্যোতির নামও সদস্যদের তালিকায় ছিল।
পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যোতিকা জ্যোতি। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
এ ঘটনার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ তুলে সহকর্মীদের একাংশ তাঁর বিরোধিতা করেন। পরে তিনি অফিস ত্যাগ করেন।
এরপর ২০২৪ সালের ১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।
