বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির
ময়মনসিংহের ফুলপুর বাজার এলাকায় বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি করা যাবে না—এমন ঘোষণা দিয়েছে স্থানীয় ‘ফকির কমিটি’। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের মুখে পড়তে হবে বলেও মাইকিং করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এমন শাস্তি দেওয়ার আইনগত এখতিয়ার কমিটির রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না।
ঘোষণায় বলা হয়, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানার কথাও উল্লেখ করা হয়। একই সঙ্গে নিয়ম অমান্যকারীদের কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেন ওই ব্যক্তি।
ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে বিষয়টিকে দেখছেন। অন্যদিকে, স্থানীয় একটি কমিটি কীভাবে জরিমানা বা কারাদণ্ডের মতো শাস্তির ঘোষণা দিতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, তিনি এ বিষয়ে অবগত নন।
