মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক এইমাত্রঅন্যান্য ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স এইমাত্রঅন্যান্য ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া এইমাত্রঅন্যান্য আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির এইমাত্রঅন্যান্য বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা এইমাত্রঅন্যান্য উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল
অন্যান্য

ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক

প্রতিবেদক:
ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক

ভারতের ভূখণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে যৌথভাবে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। এই নেটওয়ার্কের মাধ্যমে ভারতের সামরিক স্থাপনা, বিমানঘাঁটি, সীমান্ত এলাকা ও কৌশলগত অবকাঠামোর ওপর নজরদারির সক্ষমতা বাড়ছে দুই দেশের। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি সংস্থা দিগন্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি বিশেষভাবে হাতে পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক সহযোগিতা আরও জোরদার হয়। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকাগুলোর গতিবিধি পর্যবেক্ষণে চীনা স্যাটেলাইটের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ক্ষেত্রে চীনের উচ্চ রেজল্যুশনসম্পন্ন অপটিক্যাল রিমোট-সেন্সিং স্যাটেলাইট ‘ইয়াওগান-৪১’-এর ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দ্বৈত ব্যবহারযোগ্য এই স্যাটেলাইট ভারতীয় উপমহাদেশের ওপর নজরদারি চালাতে সক্ষম। ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় ভারতের বিমানঘাঁটিগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে এটি ব্যবহৃত হয়ে থাকতে পারে।

দিগন্তরের প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতের কোনো অংশ যেন নজরদারির বাইরে না থাকে, সে লক্ষ্যেই চীন ও পাকিস্তান পরস্পরের পরিপূরক হিসেবে মহাকাশভিত্তিক নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলছে। এর অংশ হিসেবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে পাকিস্তান ছয়টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে চীনা রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে।

এসব স্যাটেলাইটের মধ্যে রয়েছে পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-আর্থ অবজারভেশন ১ (পিআরএসসি-ইও১), পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-২ (পিআরএসএস-২), এইচএস-১, পিআরএসসি-ইও২ ও পিআরএসসি-ইও৩। এগুলো একদিকে নিজস্বভাবে ভারতের ভূখণ্ডের ছবি ও তথ্য সংগ্রহ করতে পারে, অন্যদিকে চীনের বিদ্যমান স্যাটেলাইট নেটওয়ার্কের নজরদারি সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও পাকিস্তানের স্যাটেলাইটগুলোর সম্মিলিত সক্ষমতা ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্ত স্থাপনা, বিমানঘাঁটি, নৌ-স্থাপনা ও অন্যান্য কৌশলগত সম্পদ সম্পর্কে আরও বিস্তৃত তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করছে। পাকিস্তানের এসব স্যাটেলাইট দেশটির গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসন্ধান—আইএসটিএআর সক্ষমতা বাড়াচ্ছে।

তবে চীনের সঙ্গে পাকিস্তানের মহাকাশ সহযোগিতা সাম্প্রতিক নয়। দিগন্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল থেকেই পাকিস্তানের একাধিক স্যাটেলাইট চীনের সহায়তায় মহাকাশে স্থাপন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে পিআরএসসি-ইও১, পাকস্যাট এমএম১, আইকিউব-কিউ, পিআরএসএস-১ ও পাকটেস-১এ। এগুলো চীনা স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কক্ষপথে অবস্থান করে ভারতের ভূখণ্ডসহ বিভিন্ন অঞ্চলের ওপর নজরদারিতে সহায়তা করছে।

নেটওয়ার্কটির কার্যপদ্ধতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্যাটেলাইট নির্দিষ্ট এলাকার ওপর দিয়ে চলে গেলে অন্য একটি স্যাটেলাইট সেই এলাকার নজরদারির দায়িত্ব নিতে পারে। এভাবে একাধিক স্যাটেলাইটের মাধ্যমে একই অঞ্চলের ওপর দীর্ঘ সময় নজর রাখা সম্ভব হয়। বিভিন্ন কোণ, দূরত্ব ও রেজল্যুশন থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে নজরদারির পরিধিও বাড়ে।

২০১৮ সালের জুলাইয়ে পাকটেস-১এ-এর সঙ্গে উৎক্ষেপণ করা পাকিস্তানের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘পিআরএসএস-১’-এ প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল—দুই ধরনের ইমেজিং ব্যবস্থা রয়েছে। প্যানক্রোম্যাটিক প্রযুক্তির মাধ্যমে উপযুক্ত পরিস্থিতিতে প্রায় এক মিটার আকারের বস্তু আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। অন্যদিকে মাল্টিস্পেকট্রাল প্রযুক্তি ব্যবহার করে উদ্ভিদ, ভূমির ব্যবহার ও জলাশয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়।

পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকোর তথ্য অনুযায়ী, পিআরএসএস-১ বিশ্বের যেকোনো স্থানের ছবি চার দিন পরপর তুলতে সক্ষম। ভূপৃষ্ঠের পরিবর্তন পর্যবেক্ষণে এই সক্ষমতা গুরুত্বপূর্ণ। স্যাটেলাইটটির তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার জন্য ইসলামাবাদ ও করাচিতে গ্রাউন্ড স্টেশন রয়েছে।

অন্যদিকে, চীনের সহায়তায় নির্মিত যোগাযোগ স্যাটেলাইট ‘পাকস্যাট-এমএম১’ ২০২৪ সালে উৎক্ষেপণ করা হয়। পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার পাশাপাশি এতে সি-ব্যান্ড, কে-ইউ-ব্যান্ড, কে-এ-ব্যান্ড ও এল-ব্যান্ড পে-লোড রয়েছে। এসব প্রযুক্তি যোগাযোগ এবং অবস্থান নির্ণয় ও নেভিগেশনের নির্ভুলতা বাড়াতে ব্যবহৃত হয়। এ ছাড়া পিআরএসসি-ইও১-এর মতো রিমোট-সেন্সিং স্যাটেলাইট অপটিক্যাল সেন্সরের মাধ্যমে ভূপৃষ্ঠের ছবি সংগ্রহ করে।

পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে চীনের প্রযুক্তিগত ও উৎক্ষেপণ সহায়তা দীর্ঘদিনের। ২০২২ সালে পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো এবং চীনের চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশনের (সিজিডব্লিউআইসি) মধ্যে দীর্ঘমেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় চীনা রকেট ও কারিগরি সেবা ব্যবহার করে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়।

মহাকাশে স্যাটেলাইট পাঠানোর পাশাপাশি ভূমিভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থাতেও পাকিস্তানের অংশগ্রহণ বাড়ছে। দিগন্তরের প্রতিবেদনে ‘এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম প্রজেক্ট’ (অ্যাপোসস)-এ পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরা হয়েছে। এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের (অ্যাপসকো) অধীনে পরিচালিত এ প্রকল্পে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রকল্পটির আওতায় ভূমিতে স্থাপিত অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশে থাকা স্যাটেলাইটসহ বিভিন্ন বস্তুর অবস্থান পর্যবেক্ষণ ও অনুসরণ করা হয়। অ্যাপোসসের প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি পাকিস্তানে স্থাপন করা হয়েছে। অন্য দুটি রয়েছে পেরু ও ইরানে। প্রতিটি কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে।

এসব পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়। প্রকল্পটির সদস্য হওয়ার পাশাপাশি একটি পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজক দেশ হওয়ায় পাকিস্তান বিভিন্ন অঞ্চলের মহাকাশ পর্যবেক্ষণ তথ্যে প্রবেশাধিকারের সুযোগ পাচ্ছে। এসব তথ্য কক্ষপথে থাকা ভারতের মহাকাশ সম্পদসহ বিভিন্ন স্যাটেলাইট অনুসরণে কাজে লাগতে পারে।

দিগন্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও পাকিস্তানের এই ক্রমবর্ধমান মহাকাশ সহযোগিতা ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। এ পরিস্থিতিতে মহাকাশে নিজেদের উপস্থিতি, নজরদারি ও তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে এসেছে।