৪ পুলিশ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধিও পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর।
কামারুম মুনিরা জানান, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়া থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক ও গ্রেপ্তার হওয়া চার কর্মকর্তা হলেন—পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
