আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ২০২৬ইং (বৃহস্পতিবার) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক এর দিক-নির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি কর্তৃক আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুসহ ১০০ জনের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া পর্যায়ক্রমে দায়িত্বপূর্ণ অন্যান্য বিওপির সীমান্ত এলাকায় মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে যা দ্রুত বাস্তবায়ন করা হবে। দূর্গম পাহাড়ী এলাকার এ সকল নিম্ন আয়ের হত-দরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে ”বিজিবি” সর্বদা পাশে রয়েছে এবং আস্থার সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে।
বিজিবি কমান্ডার জানান, সকলের আন্তরিক সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এ ধরণের মানবিক ও জনকল্যানমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।
