হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,৩৭১
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে একজন। সব মিলিয়ে এক দিনে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৯ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ১০৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০২ জনের। সব মিলিয়ে নতুন আক্রান্ত ও উপসর্গধারীর সংখ্যা ১ হাজার ১০৯।
গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, একই সময়ের মধ্যে দেশে মোট ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের মধ্যে ২৬ হাজার ৪৭৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।
