ঘুমন্ত মার্কিন বাহিনীর পাশ কাটিয়ে দুই ট্যাংকার উদ্ধার ইরানের
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জব্দ করা দুটি ইরানি তেলবাহী ট্যাংকার পুনরুদ্ধারের দাবি করেছে ইরানের নৌবাহিনী। দেশটির দাবি, জাহাজের নাবিকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় ইরানি বাহিনী সেগুলোতে উঠে নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি এ দাবি করেন। আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
শাহরাম ইরানি বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। কিন্তু আমাদের বাহিনী জাহাজের নাবিকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় সেগুলোতে উঠে জাহাজ দুটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।’
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার বিনিময়ে জাহাজমালিকদের কাছ থেকে মার্কিন বাহিনী অর্থ আদায় করছে বলেও অভিযোগ করেছে তেহরান।
ইরানের দাবি, জাহাজগুলো হামলার শিকার হলে যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকার করে না এবং নিরাপত্তার জন্য নেওয়া অর্থও ফেরত দেয় না।
তবে ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন কর্মকর্তারা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।
গত ১৮ জুন পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে মতবিরোধের কারণে তা কার্যকর করা যায়নি। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাই থেকে বিভিন্ন সময়ে সামরিক সংঘর্ষ আবারও শুরু হয়েছে।
