মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

প্রতিবেদক:
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ নিরাপদ রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। বুধবার (২৪ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ওমান নিউজ এজেন্সি বলেছে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সঙ্গে সমন্বয় করে এবং নৌ-চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির প্রতি ওমান সালতানাতের দায়িত্ব এবং বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব বিবেচনা করে কোনো ধরনের ফি ছাড়াই নৌ চলাচল অব্যাহত রাখতে আইএমওর সঙ্গে সমন্বয় করে অস্থায়ী করিডোর চালু করা হয়েছে। করিডোরটি আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে। এ রুটে চলাচলকারী জাহাজগুলোকে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।

এদিকে, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল বা কর আদায় যুক্তরাষ্ট্র মেনে নেবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, আমরা এ ধরনের কোনো পদক্ষেপ কখনও মেনে নেবো না। এটা একটি আন্তর্জাতিক জলপথ এবং আইন অনুযায়ী, কোনো দেশ আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য অপর কোনো দেশকে টোল দিতে বাধ্য নয়। আমার বিশ্বাস, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশও এর সঙ্গে একমত হবে।

অন্যদিকে, সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে গতকাল তেহরানে ফেরার পথে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির সরকারি সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হরমুজ প্রণালি আর কখনও যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। যেসব বিদেশি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি ব্যবহার করবে, সেসব জাহাজকে অবশ্যই ইরানের টোল দিতে হবে।

গালিবাফ এ কথা বলার কয়েক ঘণ্টার মধ্যে তার প্রতিক্রিয়া জানালেন মার্কো রুবিও। এর আগেও হরমুজ থেকে ইরানের টোল আদায়ে আপত্তি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি