এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পেলেন সোহাগ
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর রাজনৈতিক সচিব মনিরুল ইসলাম সোহাগকে বর্ধিত দায়িত্ব হিসেবে ব্যক্তিগত সহকারী (পিএ) পদে নিয়োগ দিয়েছেন। এ সংক্রান্ত একটি অফিস আদেশ গত ১৪ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ, সমন্বয় এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে গত ২ জুলাই ২০২৬ তারিখে মনিরুল ইসলাম সোহাগকে ব্যক্তিগত সহকারীর দায়িত্ব অর্পণ করা হয়।
সূত্র জানায়, মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘ প্রায় দুই দশক ধরে এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে বিভিন্ন দায়িত্বে কাজ করে আসছেন। এস এম জাহাঙ্গীর হোসেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ দায়িত্বের পরিধি বাড়িয়ে তাঁকে ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনৈতিক জীবনে মনিরুল ইসলাম সোহাগ বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্ররাজনীতি শেষে তিনি বিএনপির মূল ধারার রাজনীতিতে যুক্ত হয়ে উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম সোহাগ বলেন, “সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমার প্রতি বারবার আস্থা ও বিশ্বাস রাখার জন্য ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ। আমার একটাই চাওয়া, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তাওফিক দান করেন। আমি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব এবং ঢাকা-১৮ আসনের জনগণের কল্যাণে কাজ করে যাব।”
