মাতৃত্বের নতুন অধ্যায়ে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে জীবনের অন্যতম আনন্দময় সময় পার করছেন। প্রথম সন্তানের অপেক্ষায় থাকা এই দক্ষিণী তারকা সম্প্রতি স্বামী রাজ নিদিমোরুকে নিয়ে ঘরোয়া আয়োজনে একটি অন্তরঙ্গ বেবি শাওয়ার উদ্যাপন করেছেন। সেই অনুষ্ঠানের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায়।
প্রকাশিত ছবিতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়রা। আড়ম্বরের পরিবর্তে একেবারে ব্যক্তিগত পরিবেশে সাজানো হয়েছিল এই বিশেষ আয়োজন। সামান্থা পরেছিলেন গাঢ় মেরুন রঙের সূচিকর্ম করা ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গে ছিল হালকা গয়না ও স্বাভাবিক মেকআপ। অন্যদিকে রাজ নিদিমোরুকে দেখা যায় মেরুন সিল্ক কুর্তা ও সাদা পায়জামায়। দুজনের হাস্যোজ্জ্বল মুহূর্তই অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে।
সামান্থা ও রাজের এই নতুন অধ্যায় নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। গত বছরের শেষ দিকে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই জুটি। এরপর চলতি বছর তারা প্রথম সন্তানের আগমনের সুখবর জানান। এরপর থেকেই নিয়মিত নিজের জীবনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম ‘পিংকভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভালো লাগা প্রকাশ করে সামান্থা বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জীবনের সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত রোমাঞ্চকর এক অনুভূতি। তবে সত্যি বলতে, আমি বহু বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমি সবসময়ই একজন মা হতে চেয়েছি। তাই আমি জানি, এই নতুন জীবনের জন্য আমি আমার শতভাগ উজাড় করে দেব।’
এদিকে ব্যক্তিগত জীবনের সুখবরের পাশাপাশি পেশাগত জীবনেও সফল সময় কাটাচ্ছেন সামান্থা। তাঁর সাম্প্রতিক সিনেমা ‘Maa Inti Bangaaram’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তবে সন্তান জন্মের আগে তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন বলে জানা গেছে। মাতৃত্বের সময়টা পুরোপুরি উপভোগ করার পরই আবারও ক্যামেরার সামনে ফিরবেন এই জনপ্রিয় অভিনেত্রী।
