মূল লেখায় যান
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

রুমে লুকানো ক্যামেরা আছে কি না, স্মার্টফোনেই মিলতে পারে উত্তর

প্রতিবেদক:
রুমে লুকানো ক্যামেরা আছে কি না, স্মার্টফোনেই মিলতে পারে উত্তর

ভ্রমণে গেলে বেশিরভাগ মানুষই হোটেল বা রিসোর্টে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে আরামদায়ক সেই কক্ষই কখনো কখনো ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

দেশ-বিদেশে বিভিন্ন সময় হোটেল কক্ষে গোপন ক্যামেরা বসিয়ে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের অভিযোগ সামনে এসেছে। এমন পরিস্থিতিতে ভ্রমণে নিশ্চিন্তে থাকার আগে কক্ষটি নিরাপদ কি না, তা যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।

অনেকের ধারণা, গোপন ক্যামেরা শনাক্ত করতে বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়। তবে বিশেষজ্ঞদের মতে, হাতে থাকা স্মার্টফোনই এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলে সন্দেহজনক ডিভাইস শনাক্ত করা সম্ভব।

ফ্ল্যাশলাইট দিয়ে লেন্স খুঁজুন

কক্ষের সব আলো নিভিয়ে স্মার্টফোনের ফ্ল্যাশলাইট জ্বালান। এরপর এয়ার ভেন্ট, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, ঘড়ি, আয়না, টিভি বা অন্যান্য সন্দেহজনক স্থানে আলো ফেলুন। কোথাও যদি ছোট কোনো লেন্সের মতো বস্তু থেকে আলো প্রতিফলিত হতে দেখা যায়, তাহলে সেটি খতিয়ে দেখা উচিত।

ক্যামেরায় শনাক্ত করুন ইনফ্রারেড আলো

অনেক গোপন ক্যামেরায় ইনফ্রারেড (IR) আলো ব্যবহার করা হয়, যা খালি চোখে দেখা যায় না। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে অনেক ক্ষেত্রে এই আলো ধরা পড়ে। ঘরের আলো নিভিয়ে ক্যামেরা চালু করে সন্দেহজনক জায়গাগুলো স্ক্যান করুন। স্ক্রিনে ছোট সাদা বা বেগুনি আলোর বিন্দু দেখা গেলে সেটি ইনফ্রারেড সিগন্যাল হতে পারে।

ক্যামেরা ডিটেক্টর অ্যাপ ব্যবহার করুন

অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য এমন কিছু অ্যাপ রয়েছে, যা ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র বা অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে সহায়তা করে। নির্ভরযোগ্য অ্যাপ ব্যবহার করে কক্ষের বিভিন্ন স্থানে পরীক্ষা চালালে সন্দেহজনক ডিভাইস সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

ওয়াই-ফাই নেটওয়ার্ক পরীক্ষা করুন

অনেক গোপন ক্যামেরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। হোটেলের ওয়াই-ফাইয়ে সংযুক্ত হয়ে নেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলোর তালিকা দেখুন। সেখানে অপরিচিত বা সন্দেহজনক নামে কোনো ডিভাইস—যেমন IP Camera বা Camera—দেখা গেলে সতর্ক থাকুন এবং বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান।

তবে মনে রাখতে হবে, এসব পদ্ধতিতে পাওয়া ইঙ্গিত সব সময় নিশ্চিত প্রমাণ নয়। কোনো কিছু সন্দেহজনক মনে হলে নিজে সেটি খুলতে বা নষ্ট করার চেষ্টা না করে হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজনে কক্ষ পরিবর্তনের অনুরোধ করুন এবং প্রয়োজন হলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া