কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলেছেন। তার দাবি, কাস্পিয়ান সাগরে সংঘটিত ওই হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত এবং আরও একজন আহত হন।
শনিবার এক বিবৃতিতে আরাঘচি এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ’ ও ‘অপরাধমূলক’ হামলা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান বলেছে, এ ঘটনাকে তারা কোনোভাবেই উপেক্ষা করবে না এবং দেশের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ইরানের অভিযোগ, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে সংঘাতের পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা করছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী কাস্পিয়ান সাগরে এমন কিছু জাহাজে হামলা চালিয়েছে, যেগুলো রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে তিনি সরাসরি কোনো ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার কথা স্বীকার করেননি।
বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ইরান-ইউক্রেন সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
