এবার নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
এবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. ইমরান হোসেনের গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়।
সোমবার (২৭ জুলাই ) দুপুরে ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন ঘুষ নেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভূমি কর্মকর্তা সরোয়ার তার ব্যক্তিগত কক্ষের চৌকি খাটের ওপর বসে কোনো এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিচ্ছেন। ঘুষের টাকাগুলো ৫০০ ও এক হাজার টাকার নোট ছিল। পরে ঘুষের টাকা নিয়ে তিনি নিজের চেয়ারে গিয়ে বসে পড়েন। এ সময় এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেয়া হবে বলে ভিডিওতে তাকে বলতে শোনা যায়।
অভিযুক্ত ডাঙ্গী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, আমি সবাইকে চিনিনা। তবে ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. ইমরান হোসেনের গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গত রবিবার ( ২৬ জুলাই) দিনগত রাত ১১টার দিকে তাকে সাময়িভাবে বরখাস্ত করা হয়।
