মূল লেখায় যান
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতেই বিরোধীদলের ৯০ এমপির ‘কান্নাকাটি’: রাশেদ খাঁন

প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতেই বিরোধীদলের ৯০ এমপির ‘কান্নাকাটি’: রাশেদ খাঁন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্য সামলাতেই বিরোধীদলের ৯০ জন সংসদ সদস্য ‘কান্নাকাটি’ করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে বিরোধীদলীয় এমপিদের প্রতিক্রিয়া নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সংসদে আরও যারা বিএনপির এমপি আছে, তারাও যদি জনাব সালাউদ্দিন আহমেদের মতো বলা শুরু করে, তবে বিরোধীদলের এমপিরা বলা শুরু করবে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না!’

রাশেদ খাঁন দাবি করেন, ছায়া প্রধানমন্ত্রী ও ছায়া মন্ত্রিসভা ঘোষণার পর জামায়াতে ইসলামীর আমির বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদে যোগ দিয়েছেন। তার ভাষায়, ‘ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অ্যাটাক শুরু করেছে।’

সংসদে বিরোধীদলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিতে চাইছেন না বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁনের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় বিরোধীদলের সব এমপি দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাকে কথা বলতে বাধা দিচ্ছেন। অন্যদিকে সরকারি দলের এমপিরা এ সময় ‘ভদ্রতা’ দেখিয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, সরকারি দলের এমপিরা চাইলে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সময় হৈচৈ করে সংসদের পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। তবে বিএনপি ক্ষমতায় থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, ‘এদেরকে আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝেমধ্যে অযৌক্তিক কথা হলেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তারপরেও তাদের বলতে দিতে হবে। বলতে বলতেই তারা শিখবে।’

বিরোধীদলের এমপিদের রাজনৈতিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ‘তারা তো এখনও আপনার ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি যে, আপনার সাথে হালকা যুক্তি দিতে তর্ক করতে পারবে!’