বরগুনায় মাস হিস্টিরিয়ায় আক্রান্ত ২০ শিক্ষার্থী
বরগুনার লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে মাস হিস্টিরিয়ায় (Mass Hysteria) আক্রান্ত হয়ে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রী হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। এর পরবর্তী আধা ঘণ্টার মধ্যে সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির আরও ১৯ জন শিক্ষার্থীর মাঝে একই ধরনের শ্বাসকষ্ট দেখা দেয়। খবর পেয়ে অভিভাবকরা দ্রুত স্কুলে এসে শিক্ষার্থীদের উদ্ধার করেন। এদের মধ্যে ১১ জনকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয়। বাকিদের বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে ৯ জন শিক্ষার্থীকে ভর্তি রাখেন চিকিৎসকেরা।
তবে আক্রান্ত সবাই বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য। চিকিৎসকদের মতে, এটি মূলত ‘মাস হিস্টিরিয়া’ বা মনস্তাত্ত্বিক আতঙ্কজনিত অসুস্থতা।
