৬৪ জেলার ভ্রমণ হিসাব এক ম্যাপে, ভাইরাল ‘আনসিন বাংলাদেশ’
সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরে বাংলাদেশের মানচিত্রের নানা রঙের ছবি বেশ নজর কাড়ছে। কারও মানচিত্রে ৬৪ জেলার বেশির ভাগই রঙিন, আবার কারওটিতে এখনো ফাঁকা রয়ে গেছে বড় একটি অংশ। মূলত বাংলাদেশে কতগুলো জেলা ঘোরা হয়েছে, তার হিসাব দেখানোর এই ট্রেন্ডের পেছনে রয়েছে ‘আনসিন বাংলাদেশ’ নামের একটি ওয়েব প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্মটিতে বাংলাদেশের ৬৪ জেলার একটি ইন্টার্যাকটিভ ম্যাপ রয়েছে। ব্যবহারকারী যেসব জেলা ভ্রমণ করেছেন, সেগুলো ম্যাপে নির্বাচন করলেই আলাদাভাবে চিহ্নিত হয়ে যায়। এরপর নিজের নাম, ছবি ও পছন্দের থিম যুক্ত করে তৈরি করা ভ্রমণ ম্যাপ পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যায়। চাইলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা সম্ভব।
তবে শুধু কতটি জেলা ভ্রমণ করা হয়েছে, তার হিসাব রাখাই ‘আনসিন বাংলাদেশ’-এর একমাত্র সুবিধা নয়। ভ্রমণ পরিকল্পনা, পর্যটনস্থলের তথ্য, কম পরিচিত জায়গা খুঁজে বের করা, কুইজ এবং বাংলাদেশ ম্যাপ পাজলসহ বেশ কিছু ফিচার রয়েছে এতে।
পরের ভ্রমণের গন্তব্যও ঠিক করতে পারবেন
কোনো জেলা নির্বাচন করলে সেই জেলার জনপ্রিয় ও তুলনামূলক কম পরিচিত দর্শনীয় স্থানগুলোর তথ্য পাওয়া যায়। কোথায় যাবেন, কীভাবে যাবেন, আনুমানিক খরচ কত হতে পারে এবং কোথায় থাকা যায়—এসব তথ্যও দেওয়া হয়েছে প্ল্যাটফর্মটিতে।
তবে ওয়েবসাইট কর্তৃপক্ষ জানিয়েছে, ভাড়া, খরচ ও হোটেলসংক্রান্ত তথ্য সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট তথ্য সর্বশেষ অবস্থার সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভ্রমণ পরিকল্পনা তৈরির জন্য রয়েছে ‘ট্রিপ প্ল্যানার’ সুবিধাও। কোথা থেকে যাত্রা শুরু হবে, কোন কোন জেলা ঘুরবেন, কত দিনের ভ্রমণ হবে এবং বাজেট কত—এসব তথ্য দিলে সম্ভাব্য রুট ও ভ্রমণ পরিকল্পনা সাজাতে সহায়তা করবে এই ফিচার।
খুঁজে নিতে পারবেন বাংলাদেশের ‘লুকানো রত্ন’
বাংলাদেশে এমন অনেক সুন্দর স্থান রয়েছে, যেগুলো এখনো পর্যটকদের কাছে খুব বেশি পরিচিত নয়। ‘আনসিন বাংলাদেশ’-এ এসব কম পরিচিত জায়গার তথ্য যুক্ত করার সুযোগও রাখা হয়েছে।
ব্যবহারকারীরা কোনো স্থানের নাম, অবস্থান, বিস্তারিত বর্ণনা, কীভাবে যাওয়া যায়, ভ্রমণের উপযুক্ত সময়, আনুমানিক খরচ, থাকার ব্যবস্থা এবং নিরাপত্তাসংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন। চাইলে নিজের তোলা ছবিও যুক্ত করা যাবে।
ওয়েবসাইট কর্তৃপক্ষের যাচাই শেষে অনুমোদিত স্থানগুলো প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। প্রতিটি অনুমোদিত জায়গার তথ্য যুক্ত করার জন্য অবদানকারীকে পয়েন্ট দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বভ্রমণের হিসাব
শুধু বাংলাদেশের ৬৪ জেলার হিসাব নয়, বিশ্বভ্রমণের রেকর্ড রাখার সুবিধাও রয়েছে প্ল্যাটফর্মটিতে। ‘ওয়ার্ল্ড ট্রাভেল ম্যাপ’-এর মাধ্যমে বিশ্বের ১৯৪টি দেশ ও ছয়টি মহাদেশের মধ্যে ব্যবহারকারী কোন কোন দেশে ভ্রমণ করেছেন, তা ম্যাপে চিহ্নিত করা যায়।
নিজের নাম ও ছবি যুক্ত করে তৈরি করা সেই বিশ্বভ্রমণের ম্যাপও ডাউনলোড করে সংরক্ষণ বা শেয়ার করা সম্ভব।
ভ্রমণের সঙ্গে বিনোদনও
ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলতে রয়েছে কুইজ ও বাংলাদেশ ম্যাপ পাজল। কুইজে বাংলাদেশের খাবার, দর্শনীয় স্থান, ইতিহাস, বিভিন্ন জেলার পরিচিতি ও সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্ন থাকে।
অন্যদিকে ম্যাপ পাজলে বাংলাদেশের বিভিন্ন জেলা সঠিক অবস্থানে বসাতে হয়। নিয়মিত নতুন প্রশ্ন ও খেলার সুযোগ যুক্ত করার ব্যবস্থাও রয়েছে।
যেভাবে শুরু করবেন
‘আনসিন বাংলাদেশ’-এ প্রবেশ করে প্রথমেই ৬৪ জেলার ম্যাপ থেকে ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন করতে হবে। চাইলে জেলার তালিকা থেকে অথবা সরাসরি ম্যাপে ক্লিক করেও জেলা বেছে নেওয়া যায়। নির্বাচন করার সঙ্গে সঙ্গেই কতটি জেলা ভ্রমণ করা হয়েছে, তার হিসাব দেখা যাবে।
এরপর পছন্দের থিম নির্বাচন করে নিজের নাম ও ছবি যুক্ত করে তৈরি করা ভ্রমণ ম্যাপ ডাউনলোড কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে।
প্ল্যাটফর্মটির নির্মাতা মো. সাব্বির হোসেন রবিন জানান, ভ্রমণের প্রতি নিজের আগ্রহ থেকেই প্রথমে ঘোরার হিসাব রাখার জন্য এমন একটি ম্যাপ তৈরির চিন্তা আসে। পরে সেই ধারণাই ধীরে ধীরে বিস্তৃত হয়ে ভ্রমণসংক্রান্ত তথ্য, ট্রিপ পরিকল্পনা এবং দেশের স্থানীয় ও কম পরিচিত পর্যটনস্থল তুলে ধরার পূর্ণাঙ্গ প্ল্যাটফর্মে রূপ নেয়।
