রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানের নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশ
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকরের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে অর্থ বিভাগের জারি করা নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। বিভাগের উপসচিব সারমিন সুলতানার স্বাক্ষরিত চিঠিতে জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য জারি করা গেজেটের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য গত ১৭ সেপ্টেম্বর গেজেট জারি করে অর্থ বিভাগ। এর কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এখন গেজেটের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করতে হবে।
এ-সংক্রান্ত নির্দেশনা রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।
এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেটের কপি পাঠানো হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠিতে গেজেটের দুই কপি সংযুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গেজেটের আলোকে কর্মীদের বেতন-ভাতা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওর ভিত্তিতেই রাষ্ট্রায়ত্ত ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। গেজেট পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের নতুন বেতন স্কেলে বেতন-ভাতা নির্ধারণের প্রক্রিয়া শুরু করবে।
নতুন বেতন কাঠামো কার্যকর হলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন-ভাতায় পরিবর্তন আসবে।
