দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ধরনের কোনো অপতৎপরতা হলে তা কঠোরভাবে মোকাবিলা করতে রাজনৈতিক নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, সরকারের কাছে তথ্য রয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, গত ১৬ বছর দলটি ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতা ধরে রেখেছিল। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, জমি দখল ও মন্দিরে হামলার মতো ঘটনা বেশি ঘটেছে। অথচ বর্তমানে দলটি ভারতে অবস্থান করে বাংলাদেশের নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। দুর্গাপূজার সময় এই সম্প্রীতি বজায় রাখতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
এ সময় জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন তিনি। ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলকে জনদুর্ভোগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এসব যানবাহনের কারণে যানজট বাড়ছে এবং রাজধানী বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।
সরকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে এবং ফুটপাত দখলমুক্ত করতেও কাজ করছে বলে জানান তিনি। তবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এ বিষয়টি নিয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী নেপথ্য থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের আন্দোলনে ইন্ধন দিচ্ছে।
এর আগে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।
