শেরপুরের শ্রীবরদীতে ড্রামবন্দি নারীর পরিচয় শনাক্ত
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইসের সহায়তায় ওই নারীর পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত নারীর নাম ঝিনুক আক্তার (২৮)। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার শাকিল-বেবী দম্পতির মেয়ে।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা ড্রামটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শেরপুর ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্ত হলেও তার দেওয়া ঠিকানায় স্বজনদের কাউকে পাওয়া যায়নি। তবে দ্রুতই তাদের সন্ধান পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা রাতের আঁধারে তাকে হত্যা করে ড্রামে ভরে মরদেহটি ফেলে রেখে গেছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
