নাটোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি
জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে রক্তদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হুইপ দুলু বলেন, নাটোরে যুবদল যেভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে, রক্তদান কর্মসূচি তারই একটি উদাহরণ। ভবিষ্যতেও রক্তদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করতে হবে।
তিনি আরও বলেন, দেশে চলমান ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজপথের আন্দোলন-সংগ্রামের পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
