নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
নড়াইলের লোহাগড়ায় বসতবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সাবানা খানম (৩২) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী ফারুক খান (৪০) পালিয়ে যান।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোহাগড়া উপজেলার পাচুরিয়া লসকোর পাড়ায় ফারুক খানের নিজ বসত বাড়িতে এ অভিযান চালানো হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসি এ তথ্য জানায়।
গ্রেপ্তার সাবানা খানম লোহাগড়া উপজেলার পাচুরিয়া লসকোর পাড়ার হানিফ শেখের মেয়ে এবং ফারুক খানের স্ত্রী । পলাতক ফারুক খান একই গ্রামের সরোয়ার খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোহাগড়া উপজেলার পাচুরিয়া লসকোর পাড়ায় ফারুক খানের নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরে তল্লাশি করে পূর্ব পাশে রাখা একটি চৌকির পূর্ব কোণে লেপ দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ফারুক খান পালিয়ে গেলেও তার স্ত্রী সাবানা খানমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সাবানা ও তার স্বামী ফারুক পরস্পর যোগসাজশে গত এক বছর ধরে নড়াইল জেলার লোহাগড়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাবানা পেশায় গৃহিণী এবং ফারুক পেশায় রাজমিস্ত্রি। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলার রেকর্ড পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিএনসি। এ ঘটনায় সাবানা খানম ও ফারুক খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
